ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ২৩৫, আন্তর্জাতিক উদ্ধার অভিযান শুরু

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ২৩৫, আন্তর্জাতিক উদ্ধার অভিযান শুরু

ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এখনও অনেকে। তাদের উদ্ধারে আন্তর্জাতিক দলগুলো কাজ শুরু করেছে। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান টম ফ্লেচার বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এগুলো গত শতাব্দীর মধ্যে দেশটিতে সবচেয়ে শক্তিশালী।

স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো জানান, নিহত ২৩৫ জনের পাশাপাশি আহত ৪ হাজার ৩০০ জন। হাসপাতালগুলো রোগীতে পূর্ণ। ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ আটকে রয়েছেন। রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানান, সেখানে শতাধিক ভবন ধসেছে এবং অন্তত ৭০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত। প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

কারাকাসেও আতঙ্ক ও ধ্বংসযজ্ঞ দেখা গেছে। ভবন ধসের আশঙ্কায় অনেকে রাস্তায় বা গাড়িতে রাত কাটাচ্ছেন। সাংবাদিক মারিয়া এমিলিয়া মিরো কুয়েসাদা বলেন, ‘মানুষ ঘরে ফিরতে ভয় পাচ্ছে। ভবনগুলোর নিরাপত্তা নিয়ে তারা অনিশ্চয়তায় আছে।’

গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর যুক্তরাষ্ট্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে যুদ্ধজাহাজ, পরিবহন বিমান ও হেলিকপ্টার মোতায়েন এবং ১৫০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ রয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা একটি মোবাইল হাসপাতাল ও কয়েক ডজন ফায়ারফাইটার পাঠানোর ঘোষণা দিয়েছেন। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ৩০০ উদ্ধারকর্মী ও ৫০ টন সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। কিউবার স্বাস্থ্যকর্মীরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, জাতিসংঘের সংস্থাগুলো উদ্ধারে সহায়তা করবে। তুরস্ক, স্পেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্র বিশেষজ্ঞ দল, উদ্ধারকারী কুকুর ও সরঞ্জাম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন