লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের বৈঠক

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের বৈঠক

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী ড. এমহামেদ সাঈদ জিদানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। বৈঠকে লিবিয়া-বাংলাদেশ সম্পর্ককে আরও উন্নত ও ফলপ্রসূ করার লক্ষ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

গত সপ্তাহে ত্রিপোলীতে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে উপমন্ত্রী রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধি দলের প্রতি স্বাগত জানান। তিনি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

উপমন্ত্রী বলেন, লিবিয়ার উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং তাদের দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে লিবিয়ান জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। রাষ্ট্রদূত এ সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার উপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা জোরদার, জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি প্রদানের বিষয়গুলো তুলে ধরেন।

তিনি লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ঘটনার প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে অনিয়মিত অভিবাসন প্রতিরোধের বিষয়েও আলোচনা হয়, যেখানে অভিবাসন প্রক্রিয়াকে সুশৃঙ্খল করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়। উভয়পক্ষ স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একমত পোষণ করেন।

আরও পড়ুন