শপথ নিলেন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

শপথ নিলেন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

আজ শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে এক অনুষ্ঠানে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং। তিনি কয়েকদিন আগেও সেনাপ্রধান ছিলেন।

২০১১ সালে সামরিক শাসনের অবসানের পর ২০২১ সালে অং সান সুচির সরকারকে উৎখাত করে হ্লাইং ক্ষমতায় আসেন। পাঁচ বছর পর, জানুয়ারিতে সাধারণ নির্বাচনের আয়োজনের মাধ্যমে সরকার পরিচালনা করেন, যেখানে সুচির দলসহ বেশ কয়েকটি জনপ্রিয় রাজনৈতিক দল অংশ নিতে পারে নি।

শপথ গ্রহণের সময় মিন হ্লাইং মিয়ানমারে ‘ন্যায়বিচার, স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার’ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আমি মিয়ানমারের সেবায় নিজেকে নিয়োজিত করছি’।

নেপিদো শহরকে নিরাপত্তা ব্যবস্থায় ঢেকে রাখা হয় এবং এএফপির প্রতিবেদকরা শহরের আশেপাশে বিশেষ নিরাপত্তা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করেন। সামরিক জান্তা এই নির্বাচনের মাধ্যমে ‘জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া’ এবং ‘গৃহযুদ্ধ’ অবসানের প্রচেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে।

শপথ অনুষ্ঠানে চীন, ভারত ও থাইল্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হ্লাইংকে অভিনন্দন জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের লক্ষ্য ছিল মিয়ানমারের সামরিক শাসকদের বৈধতা দেওয়া এবং আন্তর্জাতিক স্তরে তাদের ভাবমূর্তি উন্নয়ন করা। ২০২০ সালের নির্বাচনে সেনা-সমর্থিত দলগুলোর ভরাডুবি পরবর্তীতে হ্লাইং অভ্যুত্থানের পথ বেছে নেন।

এদিকে, নির্বাচনের বিরোধিতা করার জন্য যারা প্রতিবাদ করেছেন তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এবং বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা এলাকায় ভোটগ্রহণ হয়নি। স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মিন অং হ্লাইং-এর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে।

আরও পড়ুন