ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি সতর্কতা জারি করেছে, যা বিশেষভাবে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরতদের উদ্দেশ্যে। শনিবার (১৮ এপ্রিল) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে জানানো হয়, পড়াশোনা ছেড়ে দেওয়া বা ক্লাসে অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
পোস্টে শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়েছে, যদি তারা পড়াশোনা বন্ধ করেন, ক্লাসে অনুপস্থিত থাকেন অথবা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তবে তাদের ভিসা বাতিল হতে পারে।
এছাড়া, ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা হারানোর বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের সব সময় তাদের ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী অবস্থান বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
