শেখ হাসিনা ও হা‌দির আসামিদের ফেরত চাইল বাংলাদেশ

শেখ হাসিনা ও হা‌দির আসামিদের ফেরত চাইল বাংলাদেশ

বাংলাদেশ ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাদি হত্যা হামলার আসামিদের প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে। বুধবার দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় আলোচিত হয়।

বৈঠকে শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ ভারত সরকারকে ধন্যবাদ জানায়। দুই পক্ষ সম্মত হয়েছে যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এ সময় বাংলাদেশ পক্ষ থেকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের দাবি জানানো হয়, যাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে।

জয়শঙ্কর জানান, বাংলাদেশিদের বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করা হবে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে কার্যকর হতে পারে। বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, জ্বালানি সহযোগিতা বাড়ানো ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করে। তারা নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারেও একমত হয়।

খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, জয়শঙ্কর নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত হয়ে সম্পর্ক জোরদার করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানান এবং সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ করেন। জবাবে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। শিগগিরই পরবর্তী পর্যায়ের সরকারি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

এর আগে, মঙ্গলবার নয়াদিল্লিতে পৌঁছানোর পর খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন