যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার সময় এক সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করলে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে এ ঘটনা ঘটে।
এফবিআইয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, শটগান হাতে এক ব্যক্তি সিক্রেট সার্ভিসের এজেন্টের ওপর গুলি চালান। গুলিটি এজেন্টের সুরক্ষা বর্মের ওপর লাগায় তার কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
অনুষ্ঠান থেকে সরিয়ে নেওয়ার প্রায় এক ঘণ্টা পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে এক নাটকীয় সন্ধ্যা কাটল। সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চমৎকার কাজ করেছে।’ পরে আরেক পোস্টে তিনি জানান, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সব সদস্য সুস্থ ও নিরাপদে আছেন এবং শনিবার রাতেই হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করবেন।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, অনুষ্ঠানের প্রবেশপথের মূল তল্লাশি এলাকার কাছে গুলি চালানোর ঘটনা তদন্ত করা হচ্ছে। গুলির শব্দ শোনার পর অতিথিরা কথা বলা বন্ধ করে দেন এবং চারপাশ থেকে ‘নিচে শুয়ে পড়ুন’ বলে চিৎকার শুরু হয়। রণসজ্জায় সজ্জিত সিক্রেট সার্ভিস কর্মকর্তারা ডাইনিং রুমে ছুটে এলে শত শত অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন। ট্রাম্প ও ফার্স্ট লেডি মঞ্চের পেছনে নিচু হয়ে বসে পড়েন এবং কিছুক্ষণ পর তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উপস্থিত দুই হাজার ৬০০ অতিথির মধ্যে অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজ করেন, অন্যদিকে ওয়েটাররা ডাইনিং হলের সামনের দিকে পালিয়ে যান।
