মিয়ানমারের নোবেলজয়ী সাবেক নেত্রী অং সান সুচির সাজা কমানো হয়েছে। আজ শুক্রবার তার আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।
৮০ বছর বয়সি সুচি দুর্নীতি, নির্বাচনে কারচুপি, উসকানি দেওয়া এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। তার মিত্রদের দাবী, সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রাষ্ট্রপতি মিন অং হ্লাইং চার হাজার ৩৩৫ জন বন্দির জন্য সাধারণ ক্ষমা অনুমোদন করেছেন। এ সময়ে সুচির সাজা এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে বলে আইনজীবী জানান।
গত ছয় মাসে মিন অং হ্লাইং তৃতীয়বারের মতো বন্দিদের সাজা কমানোর সিদ্ধান্ত নিলেন। সাধারণত, মিয়ানমারে জানুয়ারিতে স্বাধীনতা দিবস এবং এপ্রিলে নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
২০২১ সালে সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন মিন অং হ্লাইং। তিনি গত ৩ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচিত হন, কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এ নির্বাচনকে অবাধ বা সুষ্ঠু বলে মনে করেননি।
