সৌদি-কাতার-তুরস্ক সফরে শেহবাজ শরিফ

সৌদি-কাতার-তুরস্ক সফরে শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্কের উদ্দেশে চার দিনের সফরে রওনা হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রেক্ষাপটে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শেহবাজ শরিফের সৌদি আরব ও কাতার সফর দ্বিপাক্ষিক আলোচনা কেন্দ্রিক হবে, অন্যদিকে তুরস্কে তিনি আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশগ্রহণ করবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোরামের সময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইসলামাবাদে প্রথমবারের মতো আলোচনা অনুষ্ঠিত হয়। তবে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক পোস্টে জানান যে, চলতি সপ্তাহে পাকিস্তানে আবারও ইরানের সঙ্গে আলোচনা শুরু হতে পারে।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, শেহবাজ শরিফের সফরে পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সঙ্গী রয়েছেন। ইশহাক দার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী।

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং বুধবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানায়, সৌদি আরব পাকিস্তানকে ৩০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে। এছাড়া, সৌদি আরবের দেওয়া ৫০০ কোটি ডলারের আমানতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন