হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজগুলো থেকে টোল আদায় ইস্যুতে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন যে খুব শিগগিরই বৈশ্বিক জ্বালানির বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হবে।
গতকাল বৃহস্পতিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ প্রসঙ্গে তিনটি পোস্ট করেছেন। প্রথম পোস্টে তিনি উল্লেখ করেন, “খবর পাওয়া যাচ্ছে যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করছে। তারা যেন এটা না করে এবং যদি করেও থাকে— যেন এখনই তা বন্ধ করে।”
দ্বিতীয় পোস্টে তিনি বলেন, “হরমুজে প্রণালিতে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর সঙ্গে ইরান যা করছে, তা খুবই বাজে এবং অসম্মানজনক। ইরানের সঙ্গে আমাদের (যুদ্ধবিরতি) চুক্তিতে এ ব্যাপারটি ছিল না।”
তৃতীয় পোস্টে ট্রাম্প জানান, “ইরান সহযোগিতা করুক আর না-ই করুক, হরমুজ প্রণালিতে খুব শিগগিরই তেলের প্রবাহ স্বাভাবিক হবে।”
এদিকে, ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালি স্ট্রিট জার্নাল জানিয়েছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ পার হবে তাদের আগে থেকেই টোল পরিশোধ করতে হবে। এই টোল ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি চলাকালীন এভাবে টোল আদায় হবে।
ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে জানান, তেলবাহী জাহাজগুলোর ক্ষেত্রে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল আদায় করা হবে।
সূত্র: এএফপি
