হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী ১৩টি জাহাজে প্রায় ৫৬২ জন ভারতীয় নাবিক ১০৭ দিন ধরে আটকা রয়েছেন। তারা ভয় ও অনিশ্চয়তায় ঘেরা এক পরিবেশে দিন কাটাচ্ছেন। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘এমটি সেলেস্টিয়াল’ নামের একটি জাহাজে অসুস্থ হয়ে মারা যাওয়া ভারতীয় নাগরিক নিশান্ত উরথানাথনের মৃতদেহ শিগগিরই ভারতে ফিরিয়ে আনা হতে পারে। ওমানের রাজধানী মাস্কটে নিযুক্ত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মৃত্যু হওয়া নিশান্তের পরিবার এবং জাহাজের ক্রু সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘তার মৃতদেহ জাহাজ থেকে নামানো এবং যত দ্রুত সম্ভব ভারতে প্রত্যাবাসনের চেষ্টা চলছে।’ বর্তমানে এমটি সেলেস্টিয়াল জাহাজ ওমানের দুকম বন্দরে অবস্থান করছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, জাহাজটির ব্যবস্থাপনা কোম্পানির সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, ৫৬২ জন ভারতীয় নাবিক ১০৭ দিন ধরে হরমুজ প্রণালিতে আটকা আছেন। তাদের মধ্যে ৩২৯ জন প্রণালির পশ্চিমে এবং ২৩৩ জন পূর্ব দিকে ওমান উপসাগরে অবস্থান করছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা এ অবস্থায় রয়েছেন।
রোববার ভারতের পতাকাযুক্ত ‘বিরাট ১’ নামের একটি পালতোলা জাহাজের বিষয়ে নতুন তথ্য পাওয়া গেছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওই জাহাজে ১৪ জন ভারতীয় ক্রু ছিলেন এবং তাদের নিরাপত্তার জন্য ওমান কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘বিরাট ১’ জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর ক্রু সদস্যরা নিরাপদে উদ্ধারকারী নৌকায় আশ্রয় নেন। বর্তমানে উদ্ধার অভিযান চলছে।
