যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন অভিযানটি স্থগিত হয়েছে। এই অভিযানটির উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে উদ্ধারে সহায়তা করা। তবে সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহারে অনুমতি না দেওয়ায় ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।
২ মে অভিযানের ঘোষণা দেওয়ার দুই দিনের মধ্যে এই স্থগিতাদেশ আসে, যখন ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি হচ্ছে বলে তিনি এটি স্থগিত করছেন।
এনবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলো ট্রাম্পের অভিযানের ঘোষণায় বিস্মিত হয়। ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এই বিষয়ে কথা বলেন, কিন্তু তাদের মধ্যে ঐক্যমত গড়ে ওঠেনি।
সৌদি একটি সূত্র জানায়, পাকিস্তান যে কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে, সৌদি তার সমর্থক। অর্থাৎ সৌদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী। হোয়াইট হাউজ দাবি করেছে, ট্রাম্প আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নতুন অভিযানের ঘোষণা দিয়েছিলেন। তবে ওমানের একজন কর্মকর্তা জানান, তারা অভিযানের বিষয়ে আগে থেকে কিছু জানতেন না এবং অভিযান শুরু হওয়ার পর সমন্বয়ের কাজ শুরু হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি, ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, যার ফলস্বরূপ ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। হামলার আগে হরমুজ সবার জন্য উন্মুক্ত ছিল।
