মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না। তিনি জানান, এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান অনড় রয়েছে।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলের এই যাত্রার সময় ট্রাম্পও উপস্থিত ছিলেন।
যখন বিমানঘাঁটিতে সাংবাদিকরা হরমুজ প্রণালিতে ইরানের টোল আদায় নিয়ে প্রশ্ন করেন, ট্রাম্প বলেন, “নাম আমরা এমনটা হতে দেবো না। এটা আন্তর্জাতিক জলপথ। আমরা এমনটা কখনও হতে দেবো না।”
হরমুজ প্রণালি বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানির এক পঞ্চমাংশ পরিবাহিত হয়।
সম্প্রতি ইরান ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে এবং মার্চে টোল আদায়ের সিদ্ধান্ত নেয়। ৯ এপ্রিল মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে জানানো হয়, হরমুজ প্রণালিতে জাহাজগুলোকে আগে থেকেই টোল পরিশোধ করতে হবে, যা ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হবে।
ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তেলবাহী জাহাজগুলোকে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল আদায় করা হবে। সূত্র: এএফপি, গালফ নিউজ
