হরমুজ প্রণালিতে চলাচলকারী বিদেশি জাহাজগুলো থেকে টোল আদায়ের যে পদক্ষেপ ইরান নিয়েছে, তা আন্তর্জাতিক সমুদ্র আইনবিরোধী বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। তিনি এই মুহূর্তে হরমুজ প্রণালিকে ‘মুক্ত’ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
গতকাল বৃহস্পতিবার লন্ডনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক সামুদ্রিক জলপথ এবং বৈশ্বিক সমুদ্র আইন অনুযায়ী কোনো দেশের কোনো প্রকার অবরোধ জারির এক্তিয়ার নেই।” তিনি উল্লেখ করেন, “সমুদ্রের মৌলিক স্বাধীনতা এককভাবে প্রত্যাহার করা বা কোনো দরদাতার হাতে তুলে দেওয়া যাবে না।”
লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতাও করেন ইয়েভেট কুপার। তিনি বলেন, “লেবাননে সংঘাত বন্ধ করতে হবে। সহিংসতা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে শান্তির কোনো পদক্ষেপ স্থায়ী হবে না।”
এদিকে, ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে আগে থেকেই টোল পরিশোধ করতে হবে। টোলটি ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির চুক্তি চলাকালীন এভাবে টোল আদায় হবে।
ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল দিতে হবে।
সূত্র: বিবিসি
