হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, তদন্ত চলছে

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, তদন্ত চলছে

ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার পর গতকাল ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এরই মধ্যে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে নতুন করে হামলার ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও শনিবার জানিয়েছে, অজ্ঞাত একটি বস্তু হরমুজে ট্যাংকারে আঘাত হেনেছে। ট্যাংকারের ক্যাপ্টেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যাপ্টেন জানান, অজ্ঞাত বস্তুটি ট্যাংকারের কমান্ড সেন্টারের ওপর পড়েছে। জাহাজটির সব ক্রু সুস্থ আছেন এবং হামলার ফলে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে ইউকেএমটিও।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে বাহরাইন জানিয়েছে, শনিবার সকালে ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। তবে ড্রোনটি সরাসরি আঘাত হেনেছে কি না তা নিশ্চিত নয়। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ড্রোন হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এটি বাহরাইনের ভৌগলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

ইরান নতুন হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে বাহরাইন। তবে সেগুলো কোন স্থানকে টার্গেট করা হয়েছে তা স্পষ্ট করেনি দেশটি। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইরানের ড্রোন হামলা সাধারণ নাগরিকের জীবনকে হুমকির মুখে ফেলেছিল এবং এ অঞ্চলে উত্তেজনা প্রশমনে নেওয়া উদ্যোগকেও হুমকিতে ফেলা হয়েছে।

আরও পড়ুন