হরমুজ প্রণালির অবরোধ তুলে নেবে না যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির অবরোধ তুলে নেবে না যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির ওপর থেকে নৌ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেছেন, চলমান সংঘাতে তার দেশ “বড় ব্যবধানে” জয়ী হচ্ছে।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, গত এক সপ্তাহ ধরে চলা এই নৌ অবরোধ “ইরানকে একেবারে ধ্বংস করে দিচ্ছে”।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হচ্ছে। পাকিস্তানে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরু হবে কি না, সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরু হওয়ার পর মার্কিন বাহিনী ২৭টি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে বা ফিরে যেতে নির্দেশ দিয়েছে। রোববার, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটক করেছে।

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ইরান জানিয়েছে, তাদের বন্দরের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি চলছে। সরকারী কর্মকর্তারা জানান, ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এদিকে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারও আলোচনায় অংশগ্রহণ করবেন। ইসলামাবাদে আলোচনার জন্য প্রস্তুতি চলছে এবং সেরেনা হোটেলে সাধারণ অতিথিদেরকে হোটেল ছেড়ে যেতে বলা হয়েছে।

পাকিস্তান সরকার আত্মবিশ্বাসী যে, তারা ইরানকে আলোচনার টেবিলে আসার জন্য রাজি করাতে সক্ষম হবে।

আরও পড়ুন