বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১১ শতাংশ কমেছে। ইরানের হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ খোলা’ রাখার ঘোষণার পর আজ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
হরমুজ প্রণালি খোলা ঘোষণার পরপরই বিশ্ব বাজারে তেলের দাম কমতে শুরু করে। ব্রেন্ট ক্রুডের দাম ১০ দশমিক ৫৯ ডলার বা ১০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৮ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১০ দশমিক ৮০ ডলার বা ১১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেলের দাম ৮৩ ডলারে নেমে এসেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও আজ ঊর্ধ্বগতি দেখা গেছে। ডাও জোন্স সূচক ৭৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০ দশমিক ৯ শতাংশ এবং নাসডাক সূচক ১ শতাংশ বেড়েছে। সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৩০ মার্চের সর্বনিম্ন অবস্থান থেকে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১১ শতাংশের বেশি বেড়েছে।
