যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালি নিরাপদ রাখতে ন্যাটোর কাছ থেকে দৃশ্যমান ও নির্দিষ্ট প্রতিশ্রুতি চান। এই তথ্য জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি জোটভুক্ত কয়েকটি দেশের কর্তৃপক্ষকে ট্রাম্পের এই চাওয়ার বিষয়ে অবহিত করেছেন।
বৃহস্পতিবার ইউরোপীয় দুই কূটনীতিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে। বুধবার ওয়াশিংটনে মার্ক রুটে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। কূটনীতিকদের একজন জানান, ওয়াশিংটনে যে অসন্তোষ ও হতাশা রয়েছে, তা তারা বুঝতে পারছেন। তবে যুদ্ধ শুরুর আগে বা পরে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে পরামর্শ করেনি।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ন্যাটো চাপ প্রয়োগ না করা হলে কিছুই বোঝে না।
যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি দিয়ে ৯টি জাহাজ পার হয়েছে। ইরান সরকার এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে বিবিসি ভেরিফাই জানায়, মঙ্গলবার রাতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত ৯টি জাহাজ এই প্রণালি পার হয়েছে, যার মধ্যে দুটি তেল ও রাসায়নিক ট্যাংকারও রয়েছে।
মার্কিন সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করতো। সামুদ্রিক নিউজ আউটলেট লয়েডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিডের মতে, এই যুদ্ধ জাহাজের চলাচলকে স্থবির করে দিয়েছে এবং প্রায় ৮০০টি জাহাজ এখন ওই অঞ্চলে আটকা পড়েছে।
