আগামী ২২ এপ্রিল থেকে চীনের হাইনান প্রদেশের সানিয়া শহরে শুরু হতে যাচ্ছে ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমস। এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিতে আজ দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দলের।
দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দলের খেলোয়াড়রা।
সাক্ষাৎকালে আইজিপি খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে উৎসাহ প্রদান করেন এবং বিদেশের মাটিতে দেশের সম্মান বজায় রেখে সেরাটা খেলার আহ্বান জানান।
এ সময় কাবাডি ফেডারেশনের শীর্ষ কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, যুগ্ম সম্পাদক পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, পুরুষ দলের কোচ বাদশা মিয়া, নারী দলের কোচ শাহনাজ পারভীন মালেকা এবং কোষাধ্যক্ষ মাসুদুর রহমান চুন্নু।
