বাংলাদেশের জন্য ইতালি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং নিরাপদ অভিবাসন ও সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ঢাকার সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ইতালিতে বসবাসকারী অনেক বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ কারণে বাংলাদেশ সরকার ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতে এই সম্পর্ককে আরও উন্নত করতে সহযোগিতা অব্যাহত রাখবে।
রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানান, ইতালি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করতে আগ্রহী এবং অভিবাসন বিষয়টিকে বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় রেখেছে। তিনি বলেন, আগামী জুন মাস থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে, যা নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সহজ করবে এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে সহায়ক হবে।
বৈঠকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভার কথাও উল্লেখ করা হয়। রাষ্ট্রদূত জানান, এই গ্রুপের পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে, যা দুই দেশের শ্রমবাজার ও অভিবাসন ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের পক্ষ থেকে পাঠানো অভিনন্দন পত্র স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন এবং মন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ জানান।
