ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়

ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী মন্তব্য করেছেন, ইন্টারনেটের উচ্চমূল্য দেশের ডিজিটাল রূপান্তর ও উন্নয়নের অন্যতম বড় বাধা। তিনি বলেন, ইন্টারনেট সেবা সবার নাগালের মধ্যে না আনলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়, তাই এর দাম জলের মতো সস্তা করতে হবে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, গত তিন দশকে দেশের টেলিকম খাতের বড় পরিবর্তন হয়েছে এবং ডিজিটাল সেবার বিশাল এক ইকোসিস্টেম গড়ে উঠেছে।

তিনি জানান, শুধু সংযোগ প্রদান যথেষ্ট নয়; সেই সংযোগ হতে হবে উচ্চগতির, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও ব্যাংকিংসহ সব খাতে মানসম্মত ইন্টারনেট অপরিহার্য হয়ে উঠেছে।

এমদাদ উল বারী বলেন, ইন্টারনেটের মূল্য কমিয়ে আনতে হবে। আইএসপি কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে মূল্য স্থিতিশীল রেখেছে, তবে উন্নয়নের জন্য এটি আরও সাশ্রয়ী করা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, টেলিকম খাত একটি ‘এনাবলিং সেক্টর’ যা অন্যান্য সব খাতের উন্নয়নে ভূমিকা রাখে। গ্রামীণ জনগণের প্রয়োজনীয় সেবাগুলো ডিজিটাল মাধ্যমে পৌঁছে দেওয়ার দিকে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান এবং আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া।

আরও পড়ুন