ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচীকে ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল সভাপতি খালিদ বিন পার্থিবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় কলেজ গেট এলাকায় ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুর রহমান জানান, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ঘটনার জেরে আজ সকালে ক্যাম্পাসে দুই ছাত্রসংগঠনের পৃথক বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। উত্তেজনার কারণে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ছাত্রদলের সহসভাপতি ইমরান হোসেন খান অভিযোগ করেন, ছাত্রশিবিরের কর্মীরা বহিরাগতদের নিয়ে এসে কলেজ ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করেন এবং ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেন।

অন্যদিকে, ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল এবং ছাত্রদল তাদের ওপর ইটপাটকেল ছোড়ে।

ওসি আসাদুর রহমান জানান, কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

আরও পড়ুন