এনসিপির কেন্দ্রীয় নেত্রী ফারাহা এমদাদের পদত্যাগ

এনসিপির কেন্দ্রীয় নেত্রী ফারাহা এমদাদের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ফারাহা এমদাদ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন।

ফারাহা এমদাদ তার ব্যক্তিগত ফেসবুকে একটি পদত্যাগপত্র শেয়ার করে লেখেন, ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ, আমি এনসিপির সঙ্গে যুক্ত থাকাকালে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন।’

জানা গেছে, আজ দুপুরে ফারাহা এমদাদকে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় সংগঠক হিসেবে একটি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। তবে পূর্বানুমতি না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আজ ১৮ এপ্রিল, ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে আমাকে জাতীয় নারীশক্তি কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে মনোনীত করা হয়েছে বলে অবগত হয়েছি। এই পদে অন্তর্ভুক্তির বিষয়ে আমার সম্মতি বা অবগত করা হয়নি, যা অন্যায়।’

ফারাহা এমদাদ আরও জানান, তিনি গত কয়েক মাস ধরে জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, তবে এখন তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান। শনিবার দুপুরে এনসিপির নারী উইং ‘জাতীয় নারীশক্তির’ ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন