কলকাতায় বিজেপি সমর্থকদের বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙার অভিযোগ

কলকাতায় বিজেপি সমর্থকদের বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙার অভিযোগ

কলকাতার নিউমার্কেটের একটি মাংসের দোকানে বুলডোজার চালানোর অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বুধবার এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে ২০৭ আসনে জয়ী হয়ে বিজেপি ইতিহাস গড়ার পর থেকেই সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেছেন যে, বিজেপির বিজয় মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশের অনুমতি নিয়ে মাংসের দোকান ভাঙেন। তিনি উল্লেখ করেন, এই সময় সিআরপিএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিজয় মিছিলে বুলডোজার নিয়ে যাওয়ার অনুমতি ছিল না এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে।

এদিকে, জগৎবল্লভপুরে তৃণমূল কংগ্রেসের অফিসে অগ্নিসংযোগের অভিযোগও পাওয়া গেছে। তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনার ভিডিও শেয়ার করে বিজেপির দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

ভোটের ফল প্রকাশের পর সন্দেশখালিতে দুই দলের মধ্যে সংঘর্ষে পুলিশ গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া বীরভূমের নানুর থানায় তৃণমূলের বুথ সভাপতিকে হত্যা করার খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গে ভোটের পর সহিংসতা শুরু হওয়ায় মুখ্য নির্বাচন কমিশনার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন