নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে বরিশাল নগরীর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।’
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার তুলনায় রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ রয়েছে। স্বাধীনতার পেছনে রাজনৈতিক আগ্রহের ভূমিকা ছিল উল্লেখ করে স্পিকার বলেন, ‘ছাত্র যুবকরা জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনর্বহাল করেছেন।’
স্পিকার বলেন, ‘গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয়। রাজনীতি সাধারণ মানুষের সচেতনতা বাড়িয়েছে এবং গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ বাড়ছে।’ তিনি আশা প্রকাশ করেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর জনগণের রাজপথে নেমে আসা একটি গৌরবময় অধ্যায়।
বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে, আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
স্পিকার বরিশালের শৈশবের স্মৃতিচারণ করেন এবং বরিশাল সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান শেষে ভোলার উদ্দেশে রওনা হন।
