চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে একাই আন্দোলন করেছেন সাবেক সহ-সম্পাদক ওয়াহিদুল আলম। রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে তিনি এ দাবি জানান।
দুপুর সাড়ে ১২টায় চবি ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেল ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেন। প্ল্যাকার্ডগুলোতে ছিল ‘ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কর’ এবং ‘রাজনৈতিক রাজবন্দিদের মুক্তি চাই’ শ্লোগান।
ওয়াহিদুল আলমের বাড়ি বিশ্ববিদ্যালয়সংলগ্ন জোবরা গ্রামে। তিনি এর আগে গ্রাম ও ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছেন। জানা গেছে, জুলাইয়ে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা ছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ছবি তুলতে সময় নেওয়ার পর সে পালিয়ে গেছে। আমরা তাকে শনাক্ত করার চেষ্টা করছি এবং যদি সে আমাদের শিক্ষার্থী হয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিনিয়র সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলী জানান, তারা শহীদ মিনারের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ওয়াহিদুলের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন।
চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ওয়াহিদুল ঈদের দুই দিন আগে ১নং গেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে তাদের প্রতিহত করেছি।
ছাত্রশিবিরের সেক্রেটারি মো. পারভেজ জানান, ওয়াহিদুলের বিরুদ্ধে জুলাইকেন্দ্রিক মামলা ছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ নির্বিকার ভূমিকা পালন করছে। তিনি দাবি করেন, যারা জুলাইয়ের হামলায় ভূমিকা রেখেছে, তাদের অবশ্যই শাস্তি প্রদান করতে হবে।
