চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ শুরু করবে সরকার। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ৩ মে থেকে বোরো ধান ও গম ক্রয় শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ১৫ মে থেকে চাল ক্রয় শুরু হবে এবং তা একই তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। ৩১ আগস্টের পর সময় বাড়ানোর প্রয়োজন হলে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বছর প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান, ৪৯ টাকা দরে সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে আতব চাল এবং ৩৬ টাকা দরে গম কেনা হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, চালের জাতীয় চাহিদা ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন, যা উৎপাদনের কাছাকাছি রয়েছে এবং ঘাটতির আশঙ্কা নেই। এবারের মৌসুম ভালো গেছে এবং আবহাওয়া রিপোর্ট অনুযায়ী দুর্যোগেরও আশঙ্কা নেই।
তিনি আশা প্রকাশ করেন যে, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে এবং জাতীয় নিরাপত্তা মজুত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
