‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণে স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, দেশের প্রায় ১ লাখ ৩৫ হাজার চিকিৎসক যদি দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতেন, তবে চিকিৎসকরা যেমন উপকৃত হতেন, তেমনি জনগণও পেত উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা।

বুধবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অধ্যাপক শাহিনুল আলম বলেন, দেশের মানুষ বিজ্ঞানভিত্তিক চিকিৎসা গ্রহণে আগ্রহী হওয়ায় মাতৃমৃত্যুর হারসহ বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, আধুনিক বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসাব্যবস্থাকে এগিয়ে নিতে এখনও অনেক পথ বাকি। এ লক্ষ্যে মেডিকেল শিক্ষার পাঠ্যক্রমে সময়োপযোগী পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বিশিষ্ট স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ডা. কামার উদ্দিন মুজাক্কির বর্তমান স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ, বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব, প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার ওপর নির্ভরশীলতা বৃদ্ধি করতে হবে।

সেমিনারে সভাপতির বক্তব্যে ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য বিজ্ঞানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যখাতে নীতি নির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি তরুণ চিকিৎসকদের গবেষণায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া, অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম, ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ, ডা. হুরজাহান বানু, এনডিএফ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেকসহ অনেকে।

আরও পড়ুন