জামালপুর জেলা প্রশাসন বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে। আগামী তিন মাস জেলায় সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে এবং জরুরি সেবা ব্যতীত সকল অফিস, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালপুর জেলার কোথাও কোনো ধরনের সামাজিক, ধর্মীয় বা রাজনৈতিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। জরুরি সেবা যেমন হাসপাতাল ও ওষুধের দোকান বাদে সকল সরকারি-বেসরকারি অফিস, শপিং মল ও দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে আরও জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ীদের সন্ধ্যা ৬টার মধ্যে বেচাকেনা শেষ করে দোকান বন্ধ নিশ্চিত করতে স্থানীয় দোকান মালিক সমিতিকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
