চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের প্রস্তাব করেছেন। তিনি কালুরঘাট সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবিও তুলেছেন।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক স্থান কালুরঘাট বেতার কেন্দ্রের স্মৃতিকে ধরে রাখতে সেতুটির নামকরণ জিয়াউর রহমানের নামে করার প্রস্তাব করেন তিনি।
আবু সুফিয়ান বলেন, কালুরঘাট সেতু চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং এর সঙ্গে দেশের স্বাধীনতার ইতিহাস জড়িয়ে আছে। বহু বছর ধরে এই সেতুর কথা বলা হলেও এর বাস্তবায়ন হয়নি।
তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম-৯ আসনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এটি দেশের অর্থনীতি, শিক্ষা ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্ণফুলী নদী ঘিরে গড়ে ওঠা এই এলাকা দেশের অর্থনীতির ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত।
এ সময়, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানও স্মরণ করেন।
আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম-৯ আসনের রাজনৈতিক গুরুত্ব উল্লেখযোগ্য, কারণ এই আসন থেকে নির্বাচিত দল সাধারণত সরকার গঠন করে। সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন অনেক সময় ঘটে না। তাই জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
