দেশের চলমান পরিস্থিতি ও বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এ প্রস্তাব দেন। তিনি বলেন, সংসদ অধিবেশনে সরকারি দলের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করছি। কমিটির লক্ষ্য হবে, দলমতের ঊর্ধ্বে উঠে বর্তমান সমস্যা সমাধানে কার্যকর পরামর্শ তৈরি করা এবং তা বাস্তবায়নে সরকারকে সহায়তা করা।
গতকালের অধিবেশনে দেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার দেওয়া বক্তব্যের সূত্র ধরে আজ এই সিদ্ধান্ত জানানো হয়। প্রধানমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার, আমরা সবাই একমত যে এটি একটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিরোধীদলীয় নেতা গতকাল যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা যৌক্তিক। তারা প্রস্তাব দিয়েছিলেন যে সরকারি ও বিরোধী দল মিলে একসঙ্গে কাজ করতে পারে। সেই প্রেক্ষাপটেই বিএনপি দেশের স্বার্থে এই আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি দলের পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচজন সদস্যের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সদস্যরা হলেন– কমিটির সভাপতি জ্বালানি মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এবি মাশরাফউদ্দিন নিজান, সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং মিয়া নুরুদ্দিন অপু।
প্রধানমন্ত্রী জানান, সরকারি দলের পক্ষ থেকে পাঁচজনের নাম চূড়ান্ত করা হয়েছে। বিরোধীদলীয় নেতা যদি তাদের পক্ষ থেকে আরও পাঁচজনের নাম দ্রুত প্রদান করেন, তবে মোট ১০ সদস্যের এই কমিটি অতিসত্বর কাজ শুরু করতে পারবে। তিনি বলেন, আলোচনার মাধ্যমে যে পরামর্শ দেবেন, তার মধ্যে বাস্তবতা থাকলে সরকার তা কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে।
বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আমরা শীঘ্রই পাঁচজনের নাম প্রস্তাব করবো। বিরোধী দলের পক্ষ থেকে নামের তালিকা পাওয়ার পরই এই কমিটি আনুষ্ঠানিক বৈঠক শুরু করবে।
