দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. রমজান আলীকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান জামিন আবেদন নামঞ্জুর করে এই নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে দুর্নীতির অভিযোগে রমজান আলীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে, অন্য দুটি মামলার শুনানিতে তিনি অনুপস্থিত থাকায় ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।
মামলার এজাহার অনুসারে, ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে পৌর সুপার মার্কেটের দক্ষিণ পাশের নিচু জায়গা ভরাটের কাজ দেওয়ার সময় রমজান আলী ৪ লাখ ২২ হাজার ৭৮০ টাকা আত্মসাৎ করেন। এছাড়া ২০০৪ সালে পৌরসভা জিপ গাড়ি মেরামতের নামে আরও ২ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
দুদকের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান জানান, রমজান আলীর বিরুদ্ধে চলমান দুটি মামলার শুনানিতে তিনি দীর্ঘদিন উপস্থিত ছিলেন না। তার আইনজীবী এ টি এম শাহজাহান জানান, অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি এবং জামিন আবেদন পুনরায় করবেন।
