চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার কলেজ ক্যাম্পাস ও নিউ মার্কেট সংলগ্ন আইস ফ্যাক্টরি সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ছাত্রদলের নেতাকর্মীরা বিকেলে কলেজ রোড ও নালাপাড়া এলাকায় ‘শিবিরমুক্ত ক্যাম্পাস’ দাবিতে বিক্ষোভ মিছিল করেন। সিএমপির দক্ষিণ জোনের উপকমিশনার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও কলেজ সূত্র জানায়, জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসের একটি ভবনে আঁকা গ্রাফিতিতে লেখা ছিল, ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস।’ পরে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী ‘ছাত্র’ শব্দটি মুছে দিয়ে সেখানে ‘গুপ্ত’ লেখেন।
মামুন ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় ক্যাম্পাসে মাস্টার্স পরীক্ষা চলছিল। সংঘর্ষের সময় বেশ কয়েকজন আহত হন।
ছাত্রশিবির বিকেল ৪টায় নিউ মার্কেট এলাকায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। উভয়পক্ষের মিছিল মুখোমুখি হলে আবারও সংঘর্ষ হয়। কলেজের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইটের আঘাতে কয়েকজন আহত হন এবং ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল ডেইলি স্টারকে বলেন, বিনা উসকানিতে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। আমরা বিচার চাই। মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় জানান, ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।
অতিরিক্ত উপকমিশনার মাহমুদুল হাসান বলেন, দুপুরের ঘটনার পর নিউ মার্কেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
