পহেলা মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করবে সরকার। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদ অধিবেশনে বলেন, ‘আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর অন্তর্গত আশুগঞ্জ একটি শিল্প নগরী। এখানে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, চালকল, মিল, ফ্যাক্টরি, বন্দর রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা বাংলাদেশে যায়, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না।’
তিনি ব্রাহ্মণবাড়িয়াবাসীর গ্যাসের চাহিদা পূরণের পর অন্য এলাকায় সরবরাহ করার দাবি জানান। এ সময় জ্বালানি মন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ ও সরবরাহ সম্ভব না হলেও আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মন্ত্রী আরও জানান, ‘২০১৬ সাল থেকে দেশে গ্যাসের প্রেশার কমে গেছে। তবুও আমরা শিল্প কারখানাগুলোতে যতটুকু সম্ভব গ্যাস সরবরাহ অব্যাহত রাখছি।’ তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার নতুন গ্যাস উত্তোলনের জন্য কোনো অনুসন্ধান করেনি, ফলে সেক্টরটি আমদানি নির্ভর হয়ে পড়েছে।’
মন্ত্রী বলেন, ‘সংসদ সদস্য রুমিন ফারহানাকে সুখবর দিতে চাই যে, ১ তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এতে বিদ্যুতের উৎপাদনে ক্ষতি হবে।’
পরে কণ্ঠভোটের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহের প্রস্তাবটি সংসদ সদস্যরা প্রত্যাহার করতে সম্মত হন।
