প্রতিবন্ধী শিশুদের সরকারি স্বাস্থ্যসেবায় আনতে বিশেষ প্রকল্প চূড়ান্ত

প্রতিবন্ধী শিশুদের সরকারি স্বাস্থ্যসেবায় আনতে বিশেষ প্রকল্প চূড়ান্ত

দেশের গ্রাম ও শহরের সব প্রতিবন্ধী শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে একটি বিশেষ প্রকল্প চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে ‘সিএসএফ সেন্টার’-এর সেবা কার্যক্রমের উদ্বোধনকালে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ৩০ জুন অনুমোদন হতে যাওয়া নতুন জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং প্রতিবন্ধিতা নিরূপণ ও হ্রাসের জন্য সুনির্দিষ্ট ও বিশেষ অর্থনৈতিক বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও বলেন, সমাজের প্রতিটি পিছিয়ে পড়া মানুষের মানবিক উন্নয়ন ও সম-অধিকার নিশ্চিত করাই আসল অগ্রগতি। দেশের প্রতিটি প্রতিবন্ধী মানুষকে অন্য সকল নাগরিকের সমতুল্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সরকারকে একটি অত্যন্ত মানবিক সরকার হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জন্মগত বিভিন্ন সমস্যায় আক্রান্ত শিশুরা যেন অবহেলায় হারিয়ে না যায় এবং তারা শিক্ষা, কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনের সুযোগ পায়, সেজন্য রাষ্ট্র তার কাঠামোতে স্থায়ী পরিবর্তন আনছে।

তিনি জানান, স্বাস্থ্য অধিদফতরের তৈরি প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি উপজেলায় বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর ফলে শহর ও গ্রামের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সরাসরি সরকারি স্বাস্থ্যসেবার আওতায় চলে আসবে।

প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বিষয়ে তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণ এবং স্কুলের পরিবেশ বিশেষ শিশুদের উপযোগী করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন