প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল নাগরিককে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, এই বিষয়টি মাথায় রেখে, প্রত্যেকে দয়া করে যার যেখানে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন।”
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নিরাপদ পরিবেশ তৈরির তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যদি আমরা বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পরিষ্কার শ্বাস নিতে পারবে।” তিনি সকলকে একটি পরিষ্কার ও দূষণমুক্ত পরিবেশ গড়ার জন্য আহ্বান জানান।
শনিবার কক্সবাজারের ডুলাহাজারায় ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি নির্বাচনি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, “আমরা নির্বাচনের আগে ওয়াদা করেছিলাম যে, আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে দেশে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করব। আমাদের লক্ষ্য বছরে অন্তত পাঁচ কোটি গাছ লাগানো।”
প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আপনার নিজ নিজ জেলাকে সুন্দর সবুজ অভয়ারণ্য করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন।” তিনি আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ অভিযান ঘোষণা করে আশা প্রকাশ করেন যে, ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্ত বাতাসে শ্বাস নিতে পারে, সেজন্য একটি পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
