প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অসুস্থ প্রবীণ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এই কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এই খাতের কর্মীরা প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থাকেন। প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল।
মন্ত্রী জানান, সরকার প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর বিষয়ে কাজ করছে যাতে তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন। তিনি সাংবাদিকতাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক সংকটে দিন কাটান।
গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সরকারের নীতিমালার কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন জানান, বর্তমানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে মেধাবী পেশাজীবীদের পৃষ্ঠপোষকতা দেওয়া অপরিহার্য এবং সাংবাদিকদের জন্য মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
পরিদর্শনকালে তথ্যমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেনও উপস্থিত ছিলেন।
