ফরিদপুরে পিটুনিতে নিহত চালকের এতিম শিশুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে পিটুনিতে নিহত চালকের এতিম শিশুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ফেসবুক লাইভের মাধ্যমে মব সৃষ্টি করে ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে আজ মঙ্গলবার (৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে ওই শিশুর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ইউএনও জানান, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এসেছেন এবং শিশু মুসলিমার লালন-পালনে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন। তাৎক্ষণিকভাবে তিনি ওই শিশুর দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন।

সেখানে উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিশুটিকে নিয়মিত সহযোগিতা প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। এ সময় বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ ঘোষ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১ মে) রাতে জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়ায় মব সৃষ্টি করে ট্রাকচালক হান্নান শেখকে পিটিয়ে হত্যা করা হয়। এই মর্মান্তিক ঘটনায় আরও দুই ট্রাক হেলপার আহত হয়ে বর্তমানে নগরকান্দা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন