প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে। এছাড়া ১০ জেলার ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে একটি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মাহদী আমিন বলেন, প্রতিটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হচ্ছে। এটি নারীর অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নের একটি আন্তর্জাতিক রোল মডেল হিসেবে কাজ করবে।
তিনি আরও জানান, ১০টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড পেলে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন। সরকার দায়িত্বগ্রহণের পর ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করেছে এবং এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
মাহদী আমিন বলেন, ভবিষ্যতে যেকোনো ভুল-ত্রুটি যুক্তিসংগত সমালোচনার মাধ্যমে তুলে ধরার জন্য তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিভিন্ন উদ্যোগ জনগণের সামনে স্বচ্ছভাবে উপস্থাপন করা হবে।
এছাড়া, প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা তাদের দপ্তরসংক্রান্ত বিষয়ে বক্তব্য দেবেন এবং সংসদ সদস্যরা তাদের নির্বাচনি এলাকা সম্পর্কিত মতামত তুলে ধরবেন।
