বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রাথমিক ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়।
মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা ৭৫ হাজার ৪৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩২ হাজার ৪৩২ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ছাড়া এ আসনে মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৪৯ শতাংশ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
