বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শুরু হবে: প্রধানমন্ত্রী

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শুরু হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া রেলপথের কাজ শিগগিরই শুরু হবে। তিনি জানান, এটি বগুড়ার মানুষের অন্যতম প্রধান দাবি।

সোমবার (২০ এপ্রিল) বিকালে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী স্থানীয় কৃষিপণ্য বিদেশে রপ্তানির জন্য বগুড়া বিমানবন্দরকে কার্গো বিমান ওঠানামার উপযোগী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি নবঘোষিত সিটি করপোরেশনকে একটি পরিকল্পিত ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার আশ্বাসও প্রদান করেন।

তিনি বলেন, বগুড়া ও আশেপাশের অঞ্চল কৃষি প্রধান। সরকার কৃষিজাত পণ্য রপ্তানির জন্য বিমানবন্দরের কার্যক্রম শুরু করেছে এবং বগুড়া বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল বিষয়ক কাজের পরিকল্পনা রয়েছে।

তারেক রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা সেগুলো বাস্তবায়ন করছি। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মোয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন।

অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা আছে, যাতে কৃষকের ফসল রক্ষা পায়।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকারের কর্মসূচি সবসময় স্বচ্ছভাবে পরিচালিত হবে। তিনি বলেন, গণতন্ত্রে মতের পার্থক্য থাকলেও দেশের মানুষের উন্নয়নই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে সড়কপথে বগুড়ায় পৌঁছান। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে তিনি জেলা জজ আদালতে নবনির্মিত ভবন ও ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন ও শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের বিভিন্ন কার্যক্রম উদ্বোধন করেন।

তারেক রহমানের পৈতৃক ভিটায় আগমনের উপলক্ষে জেলা বিএনপি জনসভার আয়োজন করে। বিকাল ৩টার মধ্যে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়, যা উত্তরবঙ্গজুড়ে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।

আরও পড়ুন