দিনাজপুরের পাবর্তীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। ১ নম্বর ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। গতকাল রাত ১০টা ১০ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর ফলে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে দিনাজপুরসহ উত্তরের আট জেলা।
প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর আসার কারণে ১ নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে ও কুলিং ফ্যান ভেঙে গেছে, ফলে উৎপাদন বন্ধ হয়েছে।
তিনি আরও জানান, মেরামতের কাজ চলছে এবং উৎপাদন শুরু করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। উল্লেখ্য, এর আগে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটও বন্ধ রয়েছে।
এদিকে, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হলেও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি উত্তরাঞ্চলের বিদ্যুতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় এবং সরবরাহে ঘাটতির কারণে স্থানীয় মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
