বাংলার জয়যাত্রা নামের বাংলাদেশের একটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলে ইরানের সাথে যোগাযোগ চলছে। নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, ইরানে চলমান যুদ্ধের কারণে প্রায় দেড় মাস ধরে আটকে থাকা জাহাজটিতে থাকা সব নাবিক ভালো আছেন এবং দ্রুততম সময়ে তারা দেশে ফিরে আসবেন।
এছাড়াও, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী বলেন, বিষয়টি আরও ভালোভাবে বিশ্লেষণ করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি দেশের সার্বভৌমত্ব বিকিয়ে বা জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি সরকারের করার বিষয়ে সতর্কতা প্রকাশ করেন।
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচে ২০০ প্রশিক্ষণার্থী কোর্সে অংশ নেন। কোর্স শেষে এসব প্রশিক্ষণার্থী রেটিংসরা দেশের বিভিন্ন সমুদ্রগামী জাহাজে চাকরি করবেন। অনুষ্ঠানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর শফিউল বারী, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমানসহ অন্যান্য সামরিক বেসামরিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
