জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের নতুন ভাড়া বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রী। সভা শেষে মন্ত্রী জানান, ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই ভাড়া বৃদ্ধির বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশেও গত প্রায় দেড় মাস ধরে জ্বালানি তেল নিয়ে তীব্র সংকট চলছে। এতদিন সরকার শুধু জেট ফুয়েলের দাম বাড়ালেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শেষ পর্যন্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম গত ১৯ এপ্রিল মধ্যরাত থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে।
জ্বালানির মূল্যবৃদ্ধির পরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
