বিএনপির ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি নিয়ে বিশেষ বুকলেট প্রকাশ

বিএনপির ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি নিয়ে বিশেষ বুকলেট প্রকাশ

বিএনপির ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি নিয়ে একটি বিশেষ বুকলেট প্রকাশ করা হয়েছে। তথ্যপ্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নির্বাচনী প্রতিশ্রুত আটটি ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি ও অর্জন তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বুকলেটটির নেতৃত্ব দেন ড. জিয়াউদ্দিন হায়দার, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টারের সদস্য। এতে দলের নির্বাচনী প্রচারণায় ঘোষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির অগ্রগতি তুলে ধরা হয়েছে, যেমন— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে নেওয়া উদ্যোগ ও অর্জনের বিস্তারিত তথ্য।

বুকলেটটি আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে এবং এটি নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মধ্যে বিতরণ করা হয়েছে, যাতে তারা চলমান কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে তা কাজে লাগাতে পারেন।

বিএনপি মনে করে, গণতান্ত্রিক ব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহ, জ্ঞান ভাগাভাগি এবং কার্যক্রমের স্বচ্ছ উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যকে সামনে রেখে প্রকাশিত এই বুকলেটটি নিয়মিতভাবে প্রতি তিন থেকে চার মাস অন্তর হালনাগাদ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সর্বশেষ অগ্রগতি, সাফল্য ও চ্যালেঞ্জ এতে অন্তর্ভুক্ত থাকে।

দলটির মতে, এই উদ্যোগ সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণের আস্থা বাড়াবে এবং জবাবদিহিমূলক প্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন