ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। আজ (শুক্রবার) বেলা ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয় যা ১২ এপ্রিল পর্যন্ত চলবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, শুক্রবার থেকে রোববার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও সংগ্রহ করা হবে। ফরমের দাম ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং ফরমের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।
নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বুধবার (৮ এপ্রিল) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ইসি সচিব জানান, বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে, জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন, এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট আসনের সংখ্যা ৫০টি।
