বিএনপি সুবিধাবাদ ও দ্বিচারিতার রাজনীতি করছেঃ মামুনুল হক

বিএনপি সুবিধাবাদ ও দ্বিচারিতার রাজনীতি করছেঃ মামুনুল হক

বিএনপি এখন সুবিধাবাদ ও দ্বিচারিতার রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি। এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মামুনুল হক বলেন, ৭০ শতাংশ ভোটার গণভোটের পক্ষে রায় দিয়েছে। বিএনপি এ রায় নিয়ে টালবাহানা করছে। বর্তমানে বিএনপির রাজনীতি দুটি মৌলিক নীতির ওপর প্রতিষ্ঠিত। একটি সুবিধাবাদের রাজনীতি, আরেকটি দ্বিচারিতার রাজনীতি।

৫ আগস্টের পর বিএনপি জুলাই শহীদদের কৃতিত্বকে খাটো করে দেখার পাঁয়তারা শুরু করেছে জানিয়ে মামুনুল হক বলেন, কারাগারে এবং কোর্টের গারদগুলোতে বিএনপির ডজনখানেক নেতার সঙ্গে আমাদের দেখা হতো। ২০২৪ এর জানুয়ারিতে যখন নির্বাচন হয়ে গেল, এই বিএনপির নেতারাও হতাশায় মুষড়ে পড়েছিল।

তিনি বলেন, ২০৪০ সালের আগে শেখ হাসিনা বেঁচে থাকতে কোনো দিন বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে—এই স্বপ্ন বিএনপি দেখত না। কিন্তু জুলাই বিপ্লবে আমাদের বীর শহীদরা রক্ত দিয়ে যে মুক্তি এনেছে, সে সম্পর্কে বিএনপি ৫ আগস্টের পর কৃতিত্বকে খাটো করে দেখার চেষ্টা করছে।

জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এবং ইসলামি অঙ্গন ও আলেমসমাজের পক্ষ থেকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ। ২০২১ সালে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেড় হাজারের বেশি আলেমকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি বলেন, তাদের মধ্যে সবচেয়ে আতঙ্কজনক আসামির নাম ছিল মামুনুল হক। তিন বছর পর্যন্ত আমাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল। ২০২৪ সালের ৩ মে আমাকে মুক্তি দিয়েছিল। তবে মুক্তির আগে আমাকে নিয়ে তামাশা করা হয়েছিল এবং নাকে রশি বেঁধে রাখা হয়েছিল।

আরও পড়ুন