বিচারিক দায়িত্ব থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে

বিচারিক দায়িত্ব থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি এবং অফিসিয়াল কোনো নোটিশও জারি হয়নি।

সম্প্রতি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্টের ৬৩টি বেঞ্চ পুনর্গঠন করেছেন, তবে এগুলোর কোনোটিতেই বিচারপতি আব্দুল মান্নানকে অন্তর্ভুক্ত করা হয়নি।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিচারপতি আব্দুল মান্নানের অশোভন আচরণের অভিযোগসংবলিত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এই পদক্ষেপ নিতে পারেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমানের মোবাইল ফোনে বারবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এই প্রতিবেদককে জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

গত ৩ এপ্রিল কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে বিচারপতি আব্দুল মান্নান অশোভন আচরণ করেন বলে অভিযোগ ওঠে। তিনি নিজের বিচারক পরিচয় দিয়ে হুমকি দেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

১৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া প্রধান বিচারপতির পুনর্গঠিত ৬৩টি হাইকোর্ট বেঞ্চের কোনোটিতেই বিচারপতি আব্দুল মান্নানকে অন্তর্ভুক্ত করা হয়নি। বিচারপতি আব্দুল মান্নান ১৯৯৪ সালের ২৫ এপ্রিল ১৩তম বিসিএসের মাধ্যমে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগ দেন এবং ২০২৪ সালের ৯ অক্টোবর তাকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়।

আরও পড়ুন