জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, দেশে পুনরায় বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার রাজনীতি আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। তিনি বলেছেন, ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে এবং এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে পরিবর্তন ও সংস্কারের নতুন আকাঙ্ক্ষা তৈরি করতে চেয়েছিল।
তিনি বলেন, নির্বাচনের সময় জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, এটি সাধারণ নির্বাচন নয়, বরং দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কিন্তু নির্বাচনের পর সরকার গঠনের পর গণভোটকে অস্বীকার করা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের লিগেসি থেকে এই নির্বাচনকে বিচ্ছিন্ন করে সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে এবং সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো বাতিল করা হচ্ছে।
তিনি দাবি করেন, সারা দেশ থেকে দলটির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে এবং তারা একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে চান যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
