মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার

বাংলাদেশ সরকার নতুন করে টাকা ছাপানো শুরু করেছে বলে মন্তব্য করেছেন গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান। তিনি জানান, মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা হাইপাওয়ার মানি বা ছাপানো টাকা হিসেবে চিহ্নিত। এর ফলে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর বনানীতে পিআরআইয়ের নিজস্ব কার্যালয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে সেমিনারে এ তথ্য জানান তিনি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এবং সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার।

আশিকুর রহমান সেমিনারে বলেন, ‘আমরা সংস্কার থেকে পিছিয়ে গেলে সেটা আত্মঘাতী হবে।’ তিনি আশা প্রকাশ করেন যে সরকার ব্যাংক রেজোল্যুশন পর্যালোচনা করবে। তিনি বলেন, সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিষয়ে অপ্রয়োজনীয় টেনশন সৃষ্টি করেছে।

মাহবুবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছে। তারা গ্যাস ও বিদ্যুৎ পাবেন কিনা, সেই চিন্তা করছেন।’ তিনি সরকারের সঙ্গে ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

জাইদি সাত্তার বলেন, ‘সব জিনিসের দামের ওপরে জ্বালানির প্রভাব রয়েছে। হরমুজ ইস্যুতে বৈশ্বিক অর্থনীতিতে চাপ পড়ছে। তাই নির্বাচিত সরকারকে বড় সংস্কারের দিকে যেতে হবে।’

আরও পড়ুন