মূলধন সংকটে ভোগা রুগ্ন ব্যাংকগুলোর জন্য সুখবর দিলেন অর্থমন্ত্রী

মূলধন সংকটে ভোগা রুগ্ন ব্যাংকগুলোর জন্য সুখবর দিলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মূলধন সংকটে ভোগা রুগ্ন ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দিতে সম্মত হয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। এছাড়া, সরকারি, বেসরকারি ও অর্থনৈতিক খাতগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে একমত হয়েছে তারা।

বাংলাদেশের শেয়ারবাজারের কারসাজি রোধে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেবে জেপি মরগান। আইএমএফ-এর বসন্ত সভার তৃতীয় দিন শেষে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী।

বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্ত সভার তৃতীয় দিনে বাংলাদেশের জন্য বড় সুখবর নিয়ে আসে সরকারের প্রতিনিধি দল। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন ১১ সদস্যের প্রতিনিধি দল আইএফসি, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং জেপি মরগানসহ বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রভাব বাংলাদেশের ওপর কমানোর জন্য বিভিন্ন আশ্বাস পেয়েছে বাংলাদেশ। আইএফসি মূলধন সংকটে থাকা ব্যাংক, সরকারি প্রকল্প, বেসরকারি সংস্থা ও অর্থনৈতিক খাতগুলোতে বিনিয়োগ ও সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

এছাড়া, প্রবাসীদের দক্ষ করে গড়ে তোলা এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে বিশ্বের বিভিন্ন সংস্থার সহযোগিতা পাওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, আইএফসি বড় ধরনের ঋণ সহায়তা দেবে এবং ঋণনির্ভর সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবে।

শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেপি মরগান কাজ করবে এবং প্রযুক্তিগত সহায়তাও প্রদান করবে। তিনি জানান, দেশের অর্থনীতি আর গৎবাঁধা নিয়মে পরিচালিত হবে না।

আরও পড়ুন